বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭৭টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার ৭৭টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারি অনুদান বিতরণ করা হয়।
সভায় জানানো হয়, দুর্গাপূজা চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত থাকবে। সংসদ সদস্য আবুল হোসেন খানের নির্দেশনায় উপজেলা বিএনপির নেতাকর্মীরাও মাঠপর্যায়ে সক্রিয় থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।
সভায় বক্তারা বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির মধ্যে সমন্বয় থাকা জরুরি। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে দুর্গাপূজা আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপন করতে হবে।
এ সময় পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল, পঙ্কজ দাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনাজুল ইসলাম (সুজন)সহ উপজেলার ৭৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Reporter Name 

























