কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির নেতা সরোয়ার হোসেনের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আহত সরোয়ার হোসেন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্র ও আহত ব্যক্তির অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সরোয়ার হোসেন মোটরসাইকেলযোগে তাঁর বোনের জন্য পারিবারিক মালামাল খুলনায় পাঠানোর উদ্দেশ্যে একটি গাড়িতে তুলে দিতে নৈকাঠির দিকে যাচ্ছিলেন। পথে কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি সেতু এলাকায় পৌঁছালে একই এলাকার এনায়েত হোসেনের ছেলেরা তাঁর ওপর প্রথম দফায় হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নৈকাঠি বাজারে নিয়ে যান। সেখানে এনায়েত হোসেনের তিন ছেলে, তাঁদের এক কর্মচারীসহ আরও কয়েকজন এসে তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয়রা আহত সরোয়ার হোসেনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৭ অক্টোবর) তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 
























