সাতক্ষীরা প্রতিনিধি:
ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মহাসপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার বিশেষ আয়োজন। এদিন ভোর থেকেই জেলার ৬১২টি পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মণ্ডপে মণ্ডপে। বিশেষ করে আকর্ষণীয় প্রতিমা দর্শনে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া শ্রীশ্রী সর্বজনীন দুর্গামন্দিরে মহাসপ্তমীর সকালে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মন্দির প্রাঙ্গণে উপস্থিত মাধব দত্ত মহাসপ্তমীর বিশেষ মাহাত্ম্য তুলে ধরে বলেন, “আজকের এই তিথি ভক্তদের মাঝে এক নতুন ভক্তি ও চেতনার সঞ্চার করে।”
মণ্ডপের পূজার আনুষ্ঠানিকতা পরিচালনাকারী পুরোহিত হরিদাস ব্যানার্জি সবাইকে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাসের আহ্বান জানিয়ে বলেন, “পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মণ্ডপে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা সাহা নারীর নিরাপত্তা, জানমালের সুরক্ষা ও বিশ্বশান্তি কামনা করেন। অন্যদিকে, স্থানীয় দর্শনার্থী উৎপল সাহা পূজার সার্বিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পূজার শুরু থেকে যে সুন্দর শৃঙ্খলা গড়ে উঠেছে, তা যেন শেষ পর্যন্ত বজায় থাকে।”
মহাসপ্তমীকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি ভক্তদের প্রার্থনা ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও ভক্তরা।
Reporter Name 



















