সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলায় ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে শিশুশ্রম বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের কাজ থেকে প্রত্যাহার, পুনর্বাসন এবং শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা জেলার শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সব ধরনের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এ লক্ষ্য বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় অনানুষ্ঠানিক খাত, বিশেষ করে কলকারখানা, গ্যারেজ, হোটেল-রেস্তোরাঁ ও কৃষিকাজে নিয়োজিত শিশুদের সুরক্ষায় নিয়মিত পরিদর্শন ও তদারকি জোরদার করতে হবে।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় এনে আর্থিক সহায়তা প্রদান এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের শনাক্ত করে তাদের শিক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
সভায় পথশিশু ও এতিম শিশুদের সরকারি শিশু পরিবার এবং পুনর্বাসনকেন্দ্রে দ্রুত পুনর্বাসনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা তথ্য অফিস, জেলা সমাজসেবা অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















