কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী। এতে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সিদ্দিকী ও আফরিন জাহান।
বক্তারা কন্যাশিশুর সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কন্যাশিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার। কন্যাশিশুর সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, “কন্যাশিশুরা কোনো বাধা নয়, বরং তারা সমাজ ও দেশের চালিকাশক্তি। আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাউখালী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো কন্যাশিশু যেন বাল্যবিবাহের শিকার না হয় এবং তার শিক্ষার অধিকার ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, কন্যাশিশুদের নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















