সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে তাঁদের খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
Reporter Name 



















