কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আহসান হাবিব মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান হাওলাদার।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ ইমরান ফারুক, কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিনারুল ইসলাম, মাদ্রাসাশিক্ষক ওমর ফারুক, সমাজসেবক মনিরুজ্জামান মনির ও ফরিদউদ্দিন মান্নুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে মো. আহসান হাবিব মিলু বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশনা। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিশ্বনবীর মহানুভবতা, ন্যায়পরায়ণতা, শিক্ষার প্রতি অনুরাগ ও নৈতিক আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারবে।
তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
Reporter Name 






















