কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে পচা খাবার, অস্বাস্থ্যকর ফল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পচা খাবার বিক্রির দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৪/৩ ধারায় দক্ষিণ বাজারের জয়নাল হোসেনের বেকারিকে ৩ হাজার টাকা এবং অলিউল ইসলামের বেকারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় পচা ও অস্বাস্থ্যকর ফল বিক্রির দায়ে একই এলাকার বিপুলের ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাউখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন। অভিযানে কয়েকটি দোকানে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Reporter Name 






















