কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রজনন সুরক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় উপজেলার বেকুটিয়া-সংলগ্ন কঁচা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় সর্বসাধারণের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আমাদের শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ পাবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Reporter Name 




















