নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এক বিধবা নারীকে ১০০ টাকা দিয়ে রাতে বাড়ির পেছনের দরজা খোলা রাখার কথা বলার অভিযোগ উঠেছে কালাম মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনায় নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীহারা এই নারী দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। বুধবার প্রতিবেশী এক নারীর সঙ্গে ন্যায্যমূল্যে চালের পরিষদে যায়। পরে ফেরার পথে বিন্না বাজারে সন্তানদের জন্য এক কেজি ড্রাগন ফল কেনেন। এ সময় বাজারে জাম্বুরা বিক্রি করছিলেন কালাম মাতুব্বর। তাঁকে দেখে ড্রাগন ফল নিয়ে মন্তব্য করেন ওই ব্যক্তি।
ওই নারীর দাবি, বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত থাকার সময় কালাম মাতুব্বর তাঁর ঘরে ঢুকে কথা বলার জন্য ডাকেন। পরে তাঁর হাতে ১০০ টাকা গুঁজে দিয়ে রাতে ১২টার দিকে আসবেন এবং বাড়ির পেছনের দরজা খোলা রাখতে বলেন। কেন রাতে আসবেন এমন প্রশ্ন করলে মাতুব্বর ইঙ্গিতপূর্ণ জবাব দেন বলেও অভিযোগ করেন ওই নারী।
ভুক্তভোগী নারী সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এ-সংক্রান্ত তথ্য সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কালাম মাতুব্বর বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি গ্রামে বিভিন্ন সালিশে অংশ নিই। ওই নারীর আগের একটি ঘটনার সালিশ করেছিলাম। সেই ক্ষোভ থেকে হয়তো তিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক তদন্তের তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Reporter Name 



















