কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে কঁচা নদীর চিরাপাড়া মোহনাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ সুতার জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে জন্য দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করা গেলে এর সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ ভোগ করবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ মাছ শিকারের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ইউএনও রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 






















