
ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক বিক্রির পাঁচ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তার আক্তার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই থানার কায়েতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব কায়েতপাড়া এলাকার আক্তার হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী চায়না আক্তার ওরফে বৃষ্টি (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল কায়েতপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই দম্পতির কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের মোট ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আক্তার হোসেনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে। তবে মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 

























