
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকা মহানগরের কদমতলী থানাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন।
জিডির পর বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেনের নির্দেশনায় পুলিশ অনুসন্ধান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও এসআই সবিতা রানীর নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার ভোরে ঢাকার শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তিন স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানান, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ তিন ছাত্রীকে নিরাপদে উদ্ধার করে বাকেরগঞ্জে আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার কারণ এবং এ ঘটনার পেছনের বিস্তারিত তথ্য জানতে প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে।
Reporter Name 

























