
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌর প্রশাসন ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযানে বাসস্ট্যান্ডের মাছ বাজার, মুরগির বাজার, সবজি বাজার, বিভিন্ন দোকানের সামনের অংশ, ড্রেন ও ডাস্টবিন পরিষ্কার করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নিজ নিজ দোকান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতন করা হয় এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সদস্য সচিব কবির খান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক কামরুল হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পৌর প্রশাসনের সহযোগিতায় শতাধিক মানুষের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পরিচ্ছন্ন পরিবার থেকেই পরিচ্ছন্ন সমাজ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠতে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে পৌরসভা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং এলাকার পরিচ্ছন্নতার মানও উন্নত হয়েছে।
তিনি জানান, পরিচ্ছন্নতা অভিযানকে একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
Reporter Name 

























