বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন সিকদার ওই গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় রিগ্যান হাওলাদারের সঙ্গে সুমনের পূর্ববিরোধ ছিল। ঘটনার সময় কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে কয়েকজন ব্যক্তি সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তাকে পাশের একটি পুকুরে ফেলে রেখে যাওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের দাবি, পারিবারিক একটি সম্পর্ককে কেন্দ্র করেও সুমনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত বক্তব্য পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Reporter Name 



















