সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় খাঁচায় আটকে গুরুতর আহত অবস্থায় একটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার শাহাপুর গ্রাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ ও অপরাধ প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শাহাপুর গ্রামের একটি বাড়িতে খাঁচায় মা বনবিড়ালসহ বাচ্চাটিকে আটকে রাখা হয়। পরে মা বনবিড়ালটির বিষয়ে হত্যার শিকার হওয়া ও পালিয়ে যাওয়ার পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়। তবে উদ্ধারের সময় বাচ্চাটির গলায় গুরুতর জখমের চিহ্ন দেখা যায়।
গ্রামের বাসিন্দা শাওন মোল্যা বিষয়টি তালা ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান ও সদস্য সেলিম শেখকে জানান। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বাচ্চাটিকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তালা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ ও ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামাল খান বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
এ বিষয়ে ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি ও সাংবাদিক জুলফিকার রায়হান বলেন, বনবিড়াল কৃষকের নীরব বন্ধু হিসেবে পরিচিত। ইঁদুরসহ ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে এটি কৃষকের উপকার করে। বনবিড়াল হত্যা বা আটকে রাখা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার তত্ত্বাবধানে বাচ্চাটিকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এটি ওয়াইল্ডলাইফ মিশনের সাময়িক হেফাজতে রয়েছে। সেখানে বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বাচ্চাটিকে অবমুক্ত করা হবে।
Reporter Name 


















