সাতক্ষীরা প্রতিনিধি:
মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিদ্যালয়ের প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
Reporter Name 

















