রামপাল (বাগেরহাট):
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ প্রতিরোধ, অনলাইন আসক্তি ও সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মাসুদুর রহমান (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসিরুদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহা. মাসুদুর রহমান শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, মোবাইল ফোন ও ডিজিটাল গেমে আসক্তি, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়তা করে। তবে এর অপব্যবহার ব্যক্তি ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সেমিনারে মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য নিয়েও আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
Reporter Name 























