
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সড়ক শৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি জানান, গত মাসের তুলনায় চলতি মাসে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও বিশেষ নজরদারি প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপির প্রতিনিধি মো. আলমগীর হোসেন, রামপাল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান মোল্লা, রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাগর আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় ফয়লা বাজার, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ মোড় এলাকায় ইয়াবা ও গাঁজার আড্ডা বন্ধে পুলিশি অভিযান আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া খুলনা-মোংলা মহাসড়কের রামপাল বাজার এলাকায় অবৈধ অটো ও ভ্যান পার্কিং উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পশুর নদী ও সুন্দরবনসংলগ্ন এলাকায় চোরাই কাঠ ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে থানা পুলিশ, নৌ-পুলিশ ও বন বিভাগের যৌথ টহল জোরদারেরও আহ্বান জানানো হয়।
সভায় বিকাশ-নগদকেন্দ্রিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারী হয়রানি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, “একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রামপাল গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা ও জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব নয়।”
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 
























