সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নতুন আধুনিক ভবনের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে তিনি নির্মাণাধীন থানা ভবনটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য নির্মাণকাজের বর্তমান অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আখতারুজ্জামান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন থানা ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে পাটকেলঘাটা থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনে পুলিশের কার্যক্রম পরিচালিত হলে স্থানীয় জনগণ আরও উন্নত ও কার্যকর পুলিশি সেবা পাবেন।
Reporter Name 















