সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে গোবিন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৫) ওই গ্রামের আনিসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী ওই শিশুকে কৌশলে একটি কুলবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, সেখানে শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে গ্রামবাসী অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Reporter Name 















