সাতক্ষীরা প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন্নাহার এবং জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের যুব নেতারা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের মেধা, দক্ষতা ও শ্রমকে কাজে লাগাতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যুবকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি পরিচালনা করছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেওয়া ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে যুবকেরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে সফল যুব সংগঠকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 














