
সাতক্ষীরা প্রতিনিধি:
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। কলেজ দুটি হলো সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগর উপজেলার এ কে ফজলুল হক এমসি কলেজ। অন্যদিকে, জেলায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪৫ শতাংশ।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর সাতক্ষীরা জেলার ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৬ জন। সে হিসাবে জেলায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৫ হাজার ৯২৪ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাসের সংখ্যায় এগিয়ে রয়েছেন।
বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ থেকে এবার মাত্র তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাঁদের কেউ উত্তীর্ণ হতে পারেননি। অপরদিকে, শ্যামনগর উপজেলার এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিলেও একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
Reporter Name 


















