সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কপিলমুনিতে শত শত নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিতে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। খুলনা গ্রামীণ চক্ষু হাসপাতালের সৌজন্যে আয়োজিত ক্যাম্পে পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলা থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপির আহ্বায়ক এম আজাদ হোসেন, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সহসম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার এবং ৪ নম্বর কপিলমুনি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ক্যাম্পে ডা. আরাফাত রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে। এ সময় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি শনাক্তকরণ, চশমা বিতরণ ও ওষুধ সরবরাহ করা হয়।
এ ছাড়া যেসব রোগীর চোখের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাঁদের বিনামূল্যে অপারেশনের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় সাতক্ষীরায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
আয়োজকেরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পাওয়ায় ক্যাম্পে আসা রোগীরা উপকৃত হয়েছেন।
Reporter Name 















