উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সৌরভ ঢালী এবং আরোহী তাওহীদ ইসলাম ও মোস্তাকিন ঘটনাস্থলেই নিহত হন।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যান।
এ দুর্ঘটনার জেরে প্রায় আধাঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ওসি (তদন্ত) ফারুক হোসেন আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 

























