ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ের একটি প্রকল্পের ২১৫ ফুট সিসি (কংক্রিট) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। উদ্বোধনের আগে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান, মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতোয়ার রহমান, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া অনুষ্ঠানে মিলনী এলাকার বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে। তারা দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানান।
Reporter Name 



















