
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার পৈতৃক সম্পত্তিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা মৌজার ৮৯ নম্বর জেএলের সাবেক ৩৭৮ ও হাল ৫১৪ দাগের ১২ দশমিক ১২ শতক পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। ২০১৭ সালে স্থানীয় সরদার জাকিরের নেতৃত্বে সম্পত্তিটি দখলের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে সৈয়দ আবু নছুর এসএ রেকর্ডীয় ওয়ারিশ দাবি করে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। তবে আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছিলেন বলে দাবি করেন তিনি।
শহীদুল ইসলামের অভিযোগ, শনিবার সকালে হাজরাকাটি গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মো. নুরুল ইসলাম ভাড়াটে লোকজন নিয়ে তাদের পৈতৃক সম্পত্তিতে বেআইনিভাবে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে তার ছোট ভাই যুবদল নেতা জাহিদুল ইসলাম লাল্টু, ছেলে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং বড় বোন তহমিনা খাতুনকে মারধর করে গুরুতর আহত করা হয়।
তিনি আরও দাবি করেন, খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই পুনরায় ভাঙচুর চালায়।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় আমরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে ছয়টি রাজনৈতিক মামলাও দায়ের করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময়েও যে জমি দখল করা সম্ভব হয়নি, বর্তমানে কতিপয় নেতার ইন্ধনে সেই জমি নুরুল ইসলাম প্রকাশ্যে পুলিশ প্রশাসনের সামনেই দখল করে নিচ্ছেন।”
তিনি অভিযোগ করেন, এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো সুরক্ষা ব্যবস্থা না নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভূমিদস্যু চক্রের অব্যাহত হুমকি-ধামকিতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পৈতৃক সম্পত্তি রক্ষা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
Reporter Name 


















