
কাউখালী প্রতিনিধি ;
পিরোজপুরের কাউখালীতে “মাদকে না বলি, খেলাধুলায় অংশ নিই”—এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে দিনব্যাপী এক মিনি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাউখালী সদর ইউনিয়নের আয়রন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে সদর ইউনিয়নের ৪টি গ্রাম—জয়কুল, আয়রন, বড় বিড়ালজুরি ও মুক্তারকাঠী অংশ নেয়।
দিনভর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মুক্তারকাঠি একাদশ ও আয়রন একাদশ। জমজমাট লড়াইয়ে মুক্তারকাঠি একাদশ ১-০ গোলে আয়রন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
রিয়াদ মাহমুদ সিকদার 














