
বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধ ;
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ‘বিডি ক্লিন – বরিশাল’-এর সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। বক্তব্যে তিনি বলেন, “পরিচ্ছন্নতা কেবল একটি সাময়িক অভিযান নয়, এটি আমাদের নিয়মিত চর্চা হওয়া উচিত। বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবকরা যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক ও তরুণ সমাজ এগিয়ে এলে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। তিনি বলেন, “উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ ও কার্যকর উদ্যোগে খুব অল্প দিনের মধ্যেই বাকেরগঞ্জকে একটি ‘ক্লিন বাকেরগঞ্জ’ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।” এ সময় তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যার যার ব্যক্তিগত বর্জ্য নিজেকেই নির্দিষ্ট স্থানে ফেলার উদাত্ত আহ্বান জানান।
পৌর প্রশাসনের তত্ত্বাবধানে অভিযানকালে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের পাশে ডোবা, ডাস্টবিন ও এর আশপাশের জমে থাকা বর্জ্য অপসারণ করেন। একইসঙ্গে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এই জনকল্যাণমূলক আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অগ্রজ্যোতি বড়াল, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান ও সহ-বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেনসহ প্রমুখ। এই অভিযানে বিডি ক্লিনের মোট ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও সামাজিক উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। অভিযান শেষে উপজেলা প্রশাসনের সার্বিক পরামর্শে বাকেরগঞ্জ পৌরসভা এলাকা নিয়মিত পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিডি ক্লিনের একটি স্থানীয় টিম গঠন করা হয়।
এইচ এম কামাল, বাকেরগঞ্জ 

















