
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে সন্ধ্যা নদী থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে উপজেলার সন্ধ্যা নদীর বাদামতলা প্রান্তসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করে নৌ পুলিশ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে জন্য দিন-রাত তদারকির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইলিশের প্রজনন সফল হলে এর সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ ভোগ করবেন। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
Reporter Name 






















