
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে এবং দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, “পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা হলেন জাতির জাগ্রত বিবেক। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, দৈনিক মানবকণ্ঠ গত ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকারের কথা বলে আসছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত রেখে অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং দেশের উন্নয়নে পত্রিকাটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবি, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শহর শাখার সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, সেক্রেটারি নুরুন্নবী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসাইন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপন করেন। এ সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















