
সাতক্ষীরা প্রতিনিধি:
সাধারণ ও ইসলামি শিক্ষার সমন্বয়ে নৈতিকতা, মানবিকতা এবং আধুনিক জ্ঞানসমৃদ্ধ আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বলেন, মাদরাসাতু আল-ফুরক্বান সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে তোলার একটি মহৎ উদ্যোগ। এমন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা পবিত্র কোরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে।
তিনি বলেন, আমাদের সন্তানরা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, আলেম ও দক্ষ পেশাজীবী হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। একই সঙ্গে তাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও আল্লাহভীতি অটুট থাকতে হবে।
মাদরাসাতু আল-ফুরক্বান শিক্ষার মানোন্নয়ন, হিফযুল কুরআন, সাধারণ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে বলেও প্রত্যাশা করেন সংসদ সদস্য।
এ সময় মাদরাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসাতু আল-ফুরক্বানের চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ এবং হিফয সম্পন্নকারী, বৃত্তিপ্রাপ্ত ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে রসুলপুরে অবস্থিত মাদরাসাতু আল-ফুরক্বান হিফযুল কুরআনের পাশাপাশি একাডেমিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।
Reporter Name 



















