সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে দীর্ঘদিন দখলে থাকা জেলা পরিষদের একটি পুকুর দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি থানার পাশে অবস্থিত পুকুরটি দখলমুক্ত করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ৫৫ শতক জায়গাজুড়ে থাকা পুকুরটি দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে আব্দুস সবুর দখলে রেখেছিলেন বলে অভিযোগ ছিল। বুধবার জেলা পরিষদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তিনি স্বেচ্ছায় পুকুরটি জেলা পরিষদের প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
দখলমুক্ত করার সময় সাধারণ মানুষের উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের পুকুরসহ সরকারি যেসব জমি, স্থাপনা ও অবকাঠামো অন্যের দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করা হবে।”
জেলা পরিষদের সার্ভেয়ার আলআমিন বলেন, “৫৫ শতক জায়গার এই পুকুরটি দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে দখলে ছিল। জেলা পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পর দখলদার আব্দুস সবুর স্বেচ্ছায় পুকুরটি জেলা পরিষদ প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন।”
এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়দুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 








