
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য দেন কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, আব্দুস সাত্তার ফকির, মাসুম হাজরা, শেখ ইকবাল হোসেন, মজিদ গাজী ও জলিল বিশ্বাসসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, কপিলমুনি বাজারের গ্লাস হাউজ ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম গাজী কবরস্থানের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন। কবরস্থানের জায়গায় এ ধরনের স্থাপনা নির্মাণকে তারা নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অবিলম্বে নির্মাণকাজ বন্ধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থানের জায়গা কোনোভাবেই দখল বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা উচিত নয়। বিষয়টি তদন্ত করে প্রকৃত অবস্থা নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে দোকান নির্মাণের অভিযোগ অস্বীকার করে আসাদুল ইসলাম গাজী বলেন, তিনি তিন শতক সাত পয়েন্ট জমি ক্রয় করেছেন এবং ক্রয়কৃত ওই জমির মধ্যেই দোকান নির্মাণ করছেন। তাঁর দাবি, তিনি কারও জায়গা দখল করেননি।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ ও জমির মালিকানার দাবি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকানা ও জায়গার অবস্থান নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 















