সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আদালতসমূহে বিচারক সংকট, জনবল ঘাটতি ও অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “সাতক্ষীরার বিচার বিভাগের বিভিন্ন স্থানীয় সমস্যা সম্পর্কে আমরা অবগত হয়েছি। এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সুপারিশও শুনেছি। বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
সভায় আইনমন্ত্রী সীমান্তবর্তী জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সামারি ট্রায়ালের ব্যবস্থা বাড়াতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
তিনি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচারকদের কর্মঘণ্টার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে হবে।
লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ বাড়ালে মামলা জট কমানো সম্ভব হবে। এতে আদালতের ওপর চাপও হ্রাস পাবে।
স্থানীয় বিচারকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। এছাড়া সাতক্ষীরায় নবসৃষ্ট ২৩টি আদালতের জন্য অতি দ্রুত বিচারক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা করা হবে।
মতবিনিময় সভায় বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















