
পিরোজপুর প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পিরোজপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একযোগে এ অভিযান শুরু হয়।
ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন। পিরোজপুর প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পিরোজপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতি শনিবার জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
Reporter Name 


















