সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জলাবদ্ধতায় পানিবন্দি ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ট্রি অব লাইফ। সংগঠনটির উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার ৩ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলা, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসামনগর ও হরিনখোলা গ্রামসহ পৌরসভার সুলতানপুর, রসুলপুর, মুনজিতপুর, বদ্দীপুর কলোনি, মিলবাজার ও মাগুরা দাসপাড়া এলাকার পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রতিটি পরিবারের জন্য খাদ্য সহায়তা প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া এবং ৫০০ গ্রাম মুড়ি।
ট্রি অব লাইফের পরিচালক খুরশীদ আলী সুজার তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন ট্রি অব লাইফ ইন্টারন্যাশনালের সিইও ও চেয়ারম্যান ডা. জর্জ বেরি টাপার জুনিয়র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ও সমাজসেবক খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। ট্রি অব লাইফ দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ট্রি অব লাইফ সংস্থা প্রতিবছর বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের সহায়তায় খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছে।
Reporter Name 


















