সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেয়ালা উত্তরপাড়া বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি থেকে দামারপোতা মোল্লাবাড়ির মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে হয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নের হাজী নূরুল ইসলামের মসজিদের সামনে থেকে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়কের উন্নয়ন করা হবে। প্রকল্পটির রোড আইডি ২৮৭৮২৫১৪০।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, ধুলিহর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। এতে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 


















