
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে কাউখালী উপজেলা মিলনায়তনে রহস্যজনক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তবে বক্তব্য শুরুর প্রায় এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর পুনরায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় উপজেলার অন্য কোথাও বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ছিল না। কেবল উপজেলা মিলনায়তনেই এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য চলাকালে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে আগেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। কী কারণে এ ঘটনা ঘটেছে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাফ হোসেন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















