
সাতক্ষীরা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সাতক্ষীরায় সচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি নিজেদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে হবে।
তিনি বলেন, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা এবং প্রয়োজন অনুযায়ী মশা নিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহারের পরামর্শ দেন তিনি।জ্বর, শরীর ব্যথা বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. মো. আবদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা শাখার সহসভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল ও সিএম নাজমুল ইসলাম।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিসহ সদর হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।
আহসানউল্লাহ মামুন 


















