
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জীবিকা সহায়তা বিতরণ করেছে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের ৩০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১৫টি পরিবারকে দুটি করে ছাগল এবং ১৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে কেবল সাময়িক সহায়তা প্রদান নয়, বরং আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ছাগল পালন ও সেলাই কাজের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য শারাফাতুর রহমান।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে পরিবারের আয় বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
Reporter Name 






















