
এম এইচ কামাল, বাকেরগঞ্জ প্রতিনিধি
‘পরিচ্ছন্ন বাকেরগঞ্জ, সবুজ আমাদের অহংকার—সবার আগে বাংলাদেশ, এটাই হোক অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখেন তিনি। পরে নিজ হাতেই হাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন ইউএনও।
একজন সরকারি কর্মকর্তাকে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে স্থানীয়দের মধ্যেও উৎসাহ সৃষ্টি হয়। হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ সময় তিনি ১০টি ডাস্টবিন প্রদান করেন।
ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, হাটবাজার, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা বলেন, ইউএনও শুধু নির্দেশনা না দিয়ে নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ায় মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা আরও বাড়বে বলে তারা আশা করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















