কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে তা দ্রুত ও নিরাপদে নিয়ন্ত্রণের কৌশল নিয়ে একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন। এ সময় উপস্থিত কর্মকর্তা ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
ইউএনও রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর প্রধান উপায় হলো আগাম সচেতনতা ও সতর্কতা। এবারের প্রতিপাদ্য থেকে স্পষ্ট যে, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি প্রতিটি পরিবার ও নিজ ঘর থেকেই শুরু করতে হবে। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবহার, বৈদ্যুতিক সংযোগ এবং দুর্যোগকালীন সতর্কতার বিষয়ে সচেতন থাকলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল কাউখালী গড়ে তোলা সম্ভব।
Reporter Name 






















