রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৯ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএলের ডেপুটি হেড অব প্ল্যান্ট মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী এবং মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা জানান, দূরবর্তী এলাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে বাইসাইকেল তাদের সময় সাশ্রয় করবে এবং কষ্ট অনেকাংশে কমাবে। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতেও এটি সহায়ক হবে।
বিআইএফপিসিএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণের পাশাপাশি পূর্বে শিক্ষা প্রণোদনা ও বিভিন্ন শিক্ষা উপকরণও বিতরণ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতেও এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
স্থানীয় বাসিন্দারা বিআইএফপিসিএলের এ শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের জন্য এমন সহায়তা তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
Reporter Name 
























