
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও বিস্তৃত ও জনপ্রিয় করার লক্ষ্যে ‘এক দেশ, এক QR—লেনদেনে BANGLA QR’ স্লোগানকে সামনে রেখে বাংলা কিউআর (BANGLA QR) ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে অগ্রণী ব্যাংক পিএলসি’র ভাগা, গিলাতলা, চুলকাটি ও মোংলা পোর্ট শাখার যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয় ও রামপাল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী।
অগ্রণী ব্যাংক পিএলসি ভাগা শাখার ব্যবস্থাপক বিপ্লব কুমার দামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক নাফিউল করিম এবং অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মনিময় কুমার হোড়।
বক্তারা তাদের বক্তব্যে নিরাপদ, দ্রুত ও স্মার্ট লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলা কিউআর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি সহজ ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করতে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
Reporter Name 
























