ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির অভিযোগে নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া নারী হলেন মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)। তিনি উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি এলাকার আতোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগ ছিল মর্জিনা আক্তারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্থলবন্দরে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে তিনি নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। এর আগে একাধিকবার তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যান।
স্থানীয় সচেতন নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা আলামতের আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা।
\
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে অভিযুক্তকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Reporter Name 



















