কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ এবং দেশের সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। “সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবি, সিনিয়র সাংবাদিক নুরুল হুদা বাবু, নারী নেত্রী প্রভাতী মৃধা, মৌমিতা সাহা ও ছায়া সমদ্দারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ধর্ম, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভাপতির বক্তব্যে সুনন্দা সমদ্দার বলেন, “অসাম্প্রদায়িক চেতনা ও মানবাধিকারই বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ করতে হবে এবং দল-মত-ধর্ম নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মানবাধিকার সুনিশ্চিত করতে হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
Reporter Name 






















