
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, আয়-ব্যয়, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) শহরের কামালনগরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট (লেকভিউ)-এ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ।
সভায় বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ জামাল উদ্দিন, সহসভাপতি এ কে এম মোতাহারুল হক সজল, জিল্লুর রহমান ও খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু ও শেখ আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহসম্পাদক শাহিন হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আব্দুল আজিজ বাবু, জাকির হোসেন বাবু, কামাল হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসান এবং অ্যাডভোকেট সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় সমিতির নির্বাচন প্রসঙ্গ, আয়-ব্যয়ের হিসাব এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩০ দিনের মধ্যে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু।
Reporter Name 



















