
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি থামাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে জাকারিয়া পশু হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দোকানদারের সঙ্গে কয়েকজন যুবকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোকানদারকে রক্ষা করতে এবং সংঘর্ষ থামাতে এগিয়ে যান তিনি।
এ সময় দুর্বৃত্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে জাকারিয়ার বুকে ও পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 




















