সাতক্ষীরা প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ সুরক্ষাবিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘পরিবেশ যদি না থাকে, আমরাও কিন্তু থাকব না’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’, ‘পানি দূষণ বন্ধ করো’ এবং ‘ফুল-পাখি-গাছ-পুকুরের নগর চাই’—এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন অংশগ্রহণকারীরা।
র্যালির আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব এবং সংগঠনের সদস্য আজমিরা খাতুন, রাফিদ রাহি, তাপস মন্ডল ও আবু তাইয়্যার প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। নাগরিক হিসেবে পরিবেশ রক্ষার দায়িত্ব প্রত্যেকের। কিন্তু অনেক সময় আমরা নিজেদের দায়িত্ব এড়িয়ে গিয়ে পরিবেশ দূষণের দায় অন্যের ওপর চাপিয়ে দিই।
তারা আরও বলেন, নির্বিচারে বৃক্ষনিধনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধিসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং গাছ কাটার প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, পানি ও বায়ুদূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, শুধু আইন বা প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। ব্যক্তি পর্যায় থেকে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সাতক্ষীরা গড়ে তোলার আহ্বান জানান তারা।
Reporter Name 


















